হালুয়াঘাট (ময়মনসিংহ):
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি খালে ডুবে আব্দুল্লাহ (৮) ও জান্নাত (৫) নামে চাচা-ভাতিজি দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিলডোরা ইউনিয়নের পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ পশ্চিম দারিয়াকান্দা গ্রামের তুলা মিয়ার ছেলে এবং জান্নাত একই গ্রামের বুরহান উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তারা সম্পর্কে চাচা-ভাতিজি।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার আগে বাড়ির পাশের বালুয়াকান্দা খালের তীরে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজাখুঁজির পর স্থানীয়রা খালে দুটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে স্বজনদের খবর দিলে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নিহত আব্দুল্লাহর বাবা তুলা মিয়া জানান, তার ছেলে একটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং ছুটিতে বাড়িতে এসেছিল। সেদিন ভাতিজি জান্নাতকে নিয়ে খেলতে বের হওয়ার পর আর জীবিত ফিরে আসেনি।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশ বাংলা টিভি ডেক্স